মেয়েরা পায়ে মেহেদী ব্যবহার করতে পারবে কি ?

প্রশ্ন:

মহিলাদের জন্য হাতের মতো পায়েও মেহেদী ব্যবহার করা কি শরীয়তের দৃষ্টিতে জায়েয ? এ ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আছে কি ?

উত্তর:

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

মেয়েদের জন্য হাতে ও পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয। এতে কোনো গোনাহ বা আদব পরিপন্থী কিছু নেই। বরং এটি তাদের জন্য সৌন্দর্য ও শোভা বৃদ্ধির একটি জিনিস। কিছু লোক মনে করে, যেহেতু মেহেদী দাড়িতে ব্যবহার হয়, তাই পায়ে ব্যবহার করা উচিত নয় এটি ভ্রান্ত ও ভিত্তিহীন ধারণা। শরীয়তের কোথাও এরূপ নিষেধাজ্ঞা নেই। তবে পুরুষদের জন্য হাতে-পায়ে মেহেদী ব্যবহার করা জায়েয নয়। তারা শুধু দাড়ি, গোঁফ বা সাদা চুল রঙ করার জন্য মেহেদী ব্যবহার করতে পারবে।

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِمُخَنَّثٍ قَدْ خَضَبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” مَا بَالُ هَذَا ” . فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ يَتَشَبَّهُ بِالنِّسَاءِ . فَأُمِرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلاَ نَقْتُلُهُ فَقَالَ ” إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ ”

১.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করীম (ﷺ) এর কাছে একজন হিজড়া আসে, যার দুই হাত ও পা মেহেদি দ্বারা রঞ্জিত ছিল। তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করেন, এর এ অবস্থা কেন? জবাবে সাহাবীগণ বলেন,হে আল্লাহর রাসূল! সে নারীর বেশ ধরেছে। তখন তাকে শহর থেকে বের করে দেয়ার হুকুম হলে, তাকে নাকী নামক স্থানে নির্বাসনে বের করে দেয়া হয়। এ সময় সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ হে আল্লাহর রাসূল! আমরা কি তাকে হত্যা করবো না? তিনি বলেনঃ আমাকে নামাযীদের হত্যা করতে নিষেধ করা হয়েছে। (সুনানে আবু দাউদ: হাদীস নং ৪৯২৮ হাদীসের মান: সহীহ)

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ ”

২.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, পুরুষদের প্রসাধনী হল যে বস্তুর গন্ধ প্রকাশ পায় কিন্তু রং অপ্রকাশিত থাকে আর মেয়েদের প্রসাধনী হল যে বস্তুর রং প্রকাশ পায় কিন্তু গন্ধ অপ্রকাশিত থাকে। (সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৮৭ হাদীসের মান: সহীহ)

عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ أَوْمَتِ امْرَأَةٌ مِنْ وَرَاءِ سِتْرٍ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبَضَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ فَقَالَ ” مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ ” . قَالَتْ بَلِ امْرَأَةٌ . قَالَ ” لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ ” . يَعْنِي بِالْحِنَّاءِ

৩.অর্থ: আয়েশা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা একজন মহিলা পর্দার পেছন থেকে ইশারা করেন, যার হাতে রসূলুল্লাহ (ﷺ) এর কাছে লেখা একটি চিঠি ছিল। এ সময় রসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত টেনে নেন এবং বলেনঃ আমি জানি না, এটি কি কোন পুরুষের হাত, না মহিলার হাত ? সে মহিলা বলেঃ এটি মহিলার হাত। তখন তিনি বলেনঃ যদি তুমি মহিলা হতে, তবে অবশ্যই তুমি তোমার নখকে মেহেদীর দ্বারা রাঙাতে। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৪১৬৬ হাদীসের মান: হাসান)

“(قوله: خضاب شعره ولحيته ) لا يديه ورجليه؛ فإنه مكروه للتشبه بالنساء

৪.অর্থ: পুরুষের চুল এবং দাড়িকে লাল রং করা জায়েজ আছে। কিন্তু তার হাতে এবং পায়ে লাল রং করা মাকরূহ , মহিলাদের সাথে সাদৃশ্য থাকার কারণে। (ফতোয়ায়ে শামী: ৬৯৬/৯ আশরাফিয়া)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-আবু সাঈদ।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *