ফরয গোসলে মহিলাদের চুলের বেণী খোলা কি জরুরী ?

প্রশ্ন:

আসসালামু আলাইকুম! আমার প্রশ্ন হলো, ফরয গোসলের জন্য মহিলাদের চুলের বেণী খুলে চুলের গোড়া অথবা সব চুল পানিতে ভিজানো কি জরুরী ? নাকি শুধু চুলের আগা পানিতে ভেজালেই হয়ে যাবে ?

উত্তর:

وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ

ফরয গোসলের সময় যদি কোনো মহিলার চুল শক্ত করে বাঁধা থাকে। অর্থাৎ চুল যদি বেণী বা খোঁপা করা থাকে তাহলে চুল খোলা এবং পরিপূর্ণ চুল ভিজানো জরুরী নয়। বরং চুলের গোড়ায় পানি পৌঁছে গেলেই ফরয গোসল আদায় হয়ে যাবে। তবে চুল স্বাভাবিক অবস্থায় খোলা থাকলে সব চুলই পানি দিয়ে ভিজানো জরুরী।

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَشُدُّ ضَفْرَ رَأْسِي فَأَنْقُضُهُ لِغُسْلِ الْجَنَابَةِ قَالَ لاَ إِنَّمَا يَكْفِيكِ أَنْ تَحْثِي عَلَى رَأْسِكِ ثَلاَثَ حَثَيَاتٍ ثُمَّ تُفِيضِينَ عَلَيْكِ الْمَاءَ فَتَطْهُرِينَ

১.অর্থ: উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার মাথার বেণী খুব শক্ত করে বেঁধে থাকি। আমি কি জানাবাতের গোসলের জন্য তা খুলে ফেলব? তিনি বললেন, না, তোমার মাথায় কেবল তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে। এরপর তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে। এভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে। (সহীহ মুসলিম, হাদীস নং ৩৩০ সুনানে তিরমিযী হাদীস নং ১০৫, হাদীসের মান: সহীহ)

عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ، قَالَ أَفْتَانِي جُبَيْرُ بْنُ نُفَيْرٍ عَنِ الْغُسْلِ، مِنَ الْجَنَابَةِ أَنَّ ثَوْبَانَ، حَدَّثَهُمْ أَنَّهُمُ، اسْتَفْتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَقَالَ ” أَمَّا الرَّجُلُ فَلْيَنْشُرْ رَأْسَهُ فَلْيَغْسِلْهُ حَتَّى يَبْلُغَ أُصُولَ الشَّعْرِ وَأَمَّا الْمَرْأَةُ فَلاَ عَلَيْهَا أَنْ لاَ تَنْقُضَهُ لِتَغْرِفْ عَلَى رَأْسِهَا ثَلاَثَ غَرَفَاتٍ بِكَفَّيْهَا

২.অর্থ:শুরায়হ ইবনে উবাইদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, যুবায়ের ইবনে নুফায়ের (রহ.) আমার নিকট অপবিত্রতার গোসল সম্পর্কে বলেছেন যে, ছাওবান (রা.) তাদের নিকট বর্ণনা করেছেন, একদা তাঁরা এ সম্পর্কে নবী (ﷺ)কে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ পুরুষ লোক অপবিত্রতার গোসলের সময় এমনভাবে চুল ছেড়ে দিয়ে গোসল করবে- যেন তার প্রতিটি চুলের গোড়ায় পানি পৌঁছে। অপরপক্ষে মহিলাদের জন্য গোসলের সময় চুল ছেড়ে দেয়ার প্রয়োজন নেই। তারা অপবিত্রতার গোসলের সময় উভয় হাতে তিনবার তিন কোষ পানি মাথার উপর ঢালবে। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২৫৫ হাদীসের মান: সহীহ)

وكفى بل أصل ضفيرتها أي شعر المرأة المضفور للحرج ، أما المنقوض فيفرض غسل كله اتفاقا ، ولو لم يبتل أصلها يجب نقضها مطلقًا هو الصحيح…. (فتاوي شامي ١ / ٣١٤-٣١٥)

৩. মহিলার বেণী করা বা খোঁপা বাঁধা চুল খুলতে হবে না। বরং চুলের গোড়া ভিজানো যথেষ্ট হবে। পক্ষান্তরে চুল খোলা থাকলে সমস্ত চুল ধৌত করা ফরয হবে।আর যদি গোড়া না ভিজে তাহলে অবশ্যই বেণী বা খোঁপা খুলতে হবে। (ফাতাওয়ায়ে শামী খ. ১ পৃ. ৩১৪-৩১৫)

وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ

উত্তর প্রদানে-মুহাম্মদুল্লাহ।

শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।

পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *