প্রশ্ন:
আসসালামু আলাইকুম! আশাকরি মুফতী সাহেব আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হলো উট, গরু ও মহিষের ক্ষেত্রে ইচ্ছা করলে কি সাতজনের বেশি শরীক হয়ে কুরবানী দেওয়া জায়েয হবে ?
উত্তর:
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
উট, গরু ও মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরীক হয়ে কুরবানী করা জায়েয আছে। নিচে দুই, তিন, চার, পাঁচ, ছয় যে কোনো সংখ্যা হতে পারবে। তবে সাতের অধিক শরীক হয়ে কুরবানী করলে কুরবানী সহীহ হবে না। আর ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একজনের বেশি শরীকানা জায়েয নেই। যদি একজনের বেশি হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না। (ফাতাওয়ায়ে সিরাজিয়্যাহ পৃ. ৩৮৫ মাকতাবায়ে ইত্তেহাদ, ফাতাওয়ায়ে কাজিখান খ. ৩ পৃ. ২৪৬ মাকতাবায়ে যাকারিয়া)
عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَشْتَرِكَ فِي الإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ
১.অর্থ: জাবের (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম বেঁধে রসূলুল্লাহ (ﷺ) এর সাথে রওয়ানা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানী করার নির্দেশ দিলেন। (সহীহ মুসলিম, হাদীস নং ১৩১৮ সুনানে আবু দাউদ, হাদীস নং ২৮০৭ হাদীসের মান: সহীহ)
عَنْ جَابِرٍ، قَالَ نَحَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ الْبَدَنَةَ عَنْ سَبْعَةٍ وَالْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ .
২.অর্থ: জাবের (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা হুদায়বিয়া নামক জায়গাতে রসূলুল্লাহ (ﷺ) এর সাথে একটি উটে সাতজন অংশীদার হয়ে এবং একটি গরুতেও সাতজন অংশীদার হয়ে কুরবানী সম্পন্ন করেছি। (সুনানে তিরমিযী, হাদীস নং ১৫০২ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩১৩২ হাদীসের মান: সহীহ)
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ
৩.অর্থ: ইমাম তিরমিযী (রহ.) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। উট, গরু বা মহিষ কুরবানীর জন্য সাত জনের পক্ষ থেকে যথেষ্ট হওয়ার আমলটা ফকীহ সাহাবী ও অপরাপর আলেমগণের যুগ থেকে চলে আসছে। (সুনানে তিরমিযীর ১৫০২ নং হাদীস দ্র.)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-উমর ফারুক
শিক্ষার্থীঃ মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply