প্রশ্ন:
ভুলবশত কেউ যদি নিজের স্ত্রীকে বোন বলে ডাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা হবে কি ? এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে, নাকি এটিকে কেবল একটি ভুল বলা হবে ?
উত্তর:
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ
স্বামী স্ত্রীকে বোন বা আপু আর স্ত্রী স্বামীকে ভাই বা ভাইয়া শব্দে ডাকা শরীয়তের দৃষ্টিতে অনুচিত ও মাকরূহ। রসূলুল্লাহ (ﷺ) এ ধরনের সম্বোধনকে অপছন্দ করেছেন এবং এভাবে ডাকতে নিষেধ করেছেন। তবে কেউ যদি ভুলে বা ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডাকে তাতে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হয় না, বিবাহ অটুট থাকে। কিন্তু এটি অপছন্দনীয় হওয়ায় এ ধরনের শব্দ ব্যবহার থেকে বিরত থাকা উচিত। বরং স্বামী-স্ত্রী একে অপরকে এমন নামে ডাকবে যাতে ভালোবাসা, সম্মান ও মমতা প্রকাশ পায় এবং পারিবারিক বন্ধন দৃঢ় হয়। প্রয়োজনে তারা সন্তানদের নামের সাথে সম্পৃক্ত করে যেমন: রাশেদের আব্বু, রাশেদের আম্মু বলে একে অপরকে ডাকতে পারে।
ہُنَّ لِبَاسٌ لَّکُمۡ وَاَنۡتُمۡ لِبَاسٌ لَّہُنَّ
অর্থ: তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। (সূরা বাকারা: আয়াত নং ১৮৭)
عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، أَنَّ رَجُلاً، قَالَ لاِمْرَأَتِهِ يَا أُخَيَّةُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” أُخْتُكَ هِيَ ” . فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ
২. অর্থ: আবু তামীমা আল্ হুজায়মী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে হে আমার বোন বলে সন্বোধন করে। রসূলুল্লাহ্ (ﷺ) তাকে জিজ্ঞাসা করেন, সে কি তোমার (সত্যই) বোন ? তিনি তা অপছন্দ করেন এবং তাকে এরূপ বলতে নিষেধ করেন। (সুনানে আবু দাউদ, হাদীস নং ২২১০ হাদীসের মান: মুরসাল)
ويكره قوله: أنت أمي ويا ابنتي ويا أختي ونحوه”.
৩.অর্থ: এর থেকে তুমি আমার মা অথবা বোন অথবা মেয়ে বলা মাকরূহ। (ফতোয়ায়ে শামী: ৩/৪৭০)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মোহাম্মদ জাকির হোসাইন।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply