প্রশ্ন:
আসসালামু আলাইকুম! এক চাচার কাছ থেকে শুনলাম টিকটিকি মেরে ফেলা নাকি সওয়াবের কাজ। এই কথা কি সত্য দলিলসহ জানালে ভালো হয়।
উত্তর:
وَعَلَيْكُمُ السَّلاَمْ وَ رَحْمَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهْ
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
حَامِدًا وَّمُصَلِّيََا وَّمُسَلِّمًا أمّٰا بَعَدْ.
টিকটিকি একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটি ঘরের বিভিন্ন আসবাবপত্রের উপর চলাফেরা করে। বিশেষ করে খাবার পাতিলে ও খাদ্যদ্রব্যের উপর মলমূত্র ত্যাগ করে। চিকিৎসকদের মতে এটি মানব দেহের জন্য ক্ষতিকর। এর মলমূত্র খাবারের সাথে পেটে গেলে পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি ইত্যাদি হতে পারে। হাদীসের ভাষ্যমতেও টিকটিকি মানুষের জন্য ক্ষতিকর তাই মেরে ফেলা সওয়াবের কাজ। তবে টিকটিকি মারার বিষয়টি জরুরী নির্দেশ নয়। অতএব এটাকে খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টি এমন নয়। মূলত ক্ষতিকর হওয়ার কারণে প্রয়োজনবোধে মারা যাবে এবং এতে সওয়াব রয়েছে।
عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ وَسَمَّاهُ فُوَيْسِقًا
১.অর্থ: আমির ইবনে সা’দ (রহ.) এর পিতা [সাঈদ (রা.)] থেকে বর্ণিত যে, নবী (ﷺ) টিকটিকি মেরে ফেলার হুকুম করেছেন এবং তাকে ছোট ফাসিক, (ক্ষুদে দুস্কৃতকারী) নাম দিয়েছেন। (সহীহ মুসলিম, হাদীস নং ২২৩৮ মিশকাতুল মাসাবীহ, হাদীস নং ৪১২০ হাদীসের মান: সহীহ)
عَنْ نَافِعٍ، عَنْ سَائِبَةَ، – مَوْلاَةِ الْفَاكِهِ بْنِ الْمُغِيرَةِ – أَنَّهَا دَخَلَتْ عَلَى عَائِشَةَ فَرَأَتْ فِي بَيْتِهَا رُمْحًا مَوْضُوعًا فَقَالَتْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ مَا تَصْنَعِينَ بِهَذَا قَالَتْ نَقْتُلُ بِهِ هَذِهِ الأَوْزَاغَ فَإِنَّ نَبِيَّ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَخْبَرَنَا أَنَّ إِبْرَاهِيمَ لَمَّا أُلْقِيَ فِي النَّارِ لَمْ تَكُنْ فِي الأَرْضِ دَابَّةٌ إِلاَّ أَطْفَأَتِ النَّارَ غَيْرَ الْوَزَغِ فَإِنَّهَا كَانَتْ تَنْفُخُ عَلَيْهِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِقَتْلِهِ .
২.অর্থ: ফাকিহ ইবনে মুগীরার মুক্তদাসী সাইবা (রহ.) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রা.) এর নিকট প্রবেশ করে তাঁর ঘরে একটি রক্ষিত বর্শা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাস করেন, হে উম্মুল মু’মিনীন! আপনার এটা দিয়ে কি করেন? তিনি বললেনঃ আমরা এই বর্শা দিয়ে এসব টিকটিকি হত্যা করি। কারণ আল্লাহর নবী (ﷺ) আমাদের অবহিত করেছেন যে, ইবরাহীম (আ)-কে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন পৃথিবীর বুকে এমন কোন প্রাণী ছিল না, যা আগুন নিভাতে চেষ্টা করেনি, টিকটিকি ব্যতীত। সে বরং আগুন ফুঁ দিচ্ছিল। তাই রাসূলুল্লাহ্ (ﷺ) তা হত্যার নির্দেশ দেন। (সুনানে ইবনে মাজাহ হাদীস নং ৩২৩১ হাদীসের মান: সহীহ)
عَنْ أَبِي، هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” مَنْ قَتَلَ وَزَغَةً فِي أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّانِيَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً لِدُونِ الأُولَى وَإِنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثَّالِثَةِ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً لِدُونِ الثَّانِيَةِ ”
৩.অর্থ: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিকি মেরে ফেলবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ সাওয়াব। আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে, তার জন্য এত এত পরিমাণ সাওয়াব, প্রথমবারের চাইতে কম। আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে, তা হলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব তবে দ্বিতীয়বারের চাইতে কম। (সহীহ মুসলিম, হাদীস নং ২২৪০ সুনানে আবু দাউদ, হাদীস নং ৫২৬৩ হাদীসের মান: সহীহ)
وَاللّٰهُ أعْلَمُ باِلصَّوَابْ
উত্তর প্রদানে-মোঃ আব্দুল কাদের।
শিক্ষার্থী: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
উত্তর নিরীক্ষণে: মুফতি রায়হান জামিল।
পরিচালক: মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার।
Leave a Reply